দেশের সবচেয়ে অবহেলিত ও ঝুঁকিপূর্ণ ১০টি উপজেলার তালিকায় কুড়িগ্রামের উলিপুরকে অন্তর্ভুক্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
আঞ্চলিক বৈষম্য হ্রাস ও ভারসাম্যপূর্ণ উন্নয়নের লক্ষ্যে কঠোর তথ্যভিত্তিক স্ক্রিনিংয়ের মাধ্যমে এই নির্বাচন করা হয়।বছরের পর বছর কাঁচা সড়ক, বিচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা, বাজার–স্কুল–স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশাধিকারের ঘাটতি এবং উন্নয়ন পরিকল্পনায় ধারাবাহিক বঞ্চনার কারণে উলিপুর উপজেলা জাতীয় অর্থনৈতিক প্রবাহ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। জলবায়ু ঝুঁকি, দারিদ্র্যের হার ও সড়ক অবকাঠামোর দুরবস্থা বিবেচনায় নিয়ে প্রতিটি বিভাগ থেকে একটি করে মোট ১০টি উপজেলা বেছে নেওয়ার অংশ হিসেবে উলিপুরও নির্বাচিত হয়েছে।
এই স্ক্রিনিংয়ে ব্যবহার করা হয়েছে LGED–এর RSDMS ডাটাবেজ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) এবং জাতিসংঘের Climate Vulnerability Index (CVI)–এর তথ্য, যা নির্বাচনের নির্ভুলতা ও ন্যায়সংগততা নিশ্চিত করেছে।স্থানীয় সরকার বিভাগের আওতায় নেওয়া ১০৫০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে উলিপুরসহ নির্বাচিত উপজেলাগুলোতে সংযোগ, বাজারগতি এবং স্থানীয় অর্থনীতিকে নতুন পর্যায়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের লক্ষ্যমাত্রা:BC সড়ক উন্নয়ন: ৪৫৮.৬৭ কিমিRCC সড়ক নির্মাণ: ১২৩.৪৭ কিমিবক্স কালভার্ট: ১২৩৭ মিটার।
শুধু সড়ক নির্মাণই নয়, এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিন অবহেলিত উলিপুরকে জাতীয় অর্থনৈতিক প্রবাহে ফিরিয়ে আনা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং কৃষি–অকৃষি অর্থনীতির গতি বাড়ানোর একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উলিপুরে প্রকল্প বাস্তবায়ন হলে যাতায়াত সুবিধা বাড়বে, বাজারে প্রবেশাধিকার সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।