উলিপুরে দরিদ্র নারীদের জন্য পচা চাল, বিতরণ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ

কুড়িগ্রামে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির চাল সরবরাহ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে দরিদ্র নারীদের জন্য দেওয়া চাল পচা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় তা বিতরণ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

ফলে ইউনিয়ন পরিষদের গুদামে দীর্ঘদিন ধরে চালগুলো অরক্ষিত অবস্থায় পড়ে আছে।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্র নারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা।

সেই অনুযায়ী জুলাই ও আগস্ট মাসে বজরা ইউনিয়নের ২৯০ জন সুবিধাভোগী ৬০ কেজি করে চাল পাওয়ার কথা ছিল। এ জন্য গত ১০ সেপ্টেম্বর উলিপুর খাদ্যগুদাম থেকে ১৭ মেট্রিক টন ৪০০ কেজি চাল (৩০ কেজির ৫৮০ বস্তা) সরবরাহ করা হয়।স্থানীয় ইউপি সদস্য আরজু মিয়া, লুৎফর রহমান ও এনামুল হক জানান, গুদাম থেকে আনা চাল খোলার পর দেখা যায়, অধিকাংশ বস্তায় পচা, ছত্রাক ধরা, দুর্গন্ধযুক্ত ও খাওয়ার অনুপযোগী চাল রয়েছে।

অনেক চালের মধ্যে ভাঙা দানা, লাল দাগ ও পাথরও মেশানো। তাই চাল বিতরণ করা সম্ভব হয়নি। এ বিষয়ে চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

Share With