উলিপুরে ভেজাল ও নিম্নমানের পণ্যের জন্য ৭ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজান মাসকে সামনে রেখে উলিপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) অভিযানের সময় ফলের দোকানে পঁচা ও নিম্নমানের খেজুর বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভেজাল পণ্য রাখার মতো অভিযোগে ৭ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় মোট ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি), উলিপুর থানা অফিসার ইন চার্জ, উপজেলা কর্মকর্তাবৃন্দ, স্যানিটারি ইন্সপেক্টর ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া যানজট রোধ ও জনস্বার্থে রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকান দ্রুত সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও নিয়মিতভাবে চালানো হবে।

Share With