একসময় সাপ দেখলে ভয় পেতেন কুড়িগ্রামের মাহমুদুল, এখন ছুটে যান উদ্ধারে

একসময় সাপ দেখলেই চরম ভয় কাজ করত কুড়িগ্রামের মাহমুদুল হাসানের। অথচ পৃথিবীর অন্যান্য প্রাণীর প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। ভয় আর ভালোবাসার এই দ্বন্দ্বের মাঝেই এক বন্ধুর সঙ্গে আলোচনায় বদলে যায় তার দৃষ্টিভঙ্গি।

বন্ধুর কাছ থেকেই প্রথম জানতে পারেন সাপের বৈচিত্র্য, জীবনযাপন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা। এরপর ভয়কে পেছনে ফেলে অবহেলিত এই প্রাণীটির প্রতি ধীরে ধীরে জন্ম নেয় ভালোবাসা ও আগ্রহ।

এই আগ্রহ থেকেই ২০২৫ সালে মাহমুদুল যুক্ত হন WSRTBD (Wildlife and Snake Rescue Team Bangladesh)-এ ‘লার্নার’ হিসেবে। পরবর্তীতে প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে সাপ সম্পর্কে তার জ্ঞান ও দক্ষতা বাড়তে থাকে। একইসঙ্গে বহু বছরের অজানা ভয়ও ধীরে ধীরে কেটে যায়।

মাহমুদুল বলেন, এখন আর সাপ দেখলে ভয় লাগে না। বরং সাপের প্রতি তার তৈরি হয়েছে মায়া ও দায়িত্ববোধ। কোনো জায়গা থেকে রেস্কিউ কল এলেই ছুটে যান তিনি। লোকালয়ে চলে আসা কিংবা মানুষের ভয়ে বিপদে পড়া সাপকে উদ্ধার করে নিরাপদে তার প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেই পান মানসিক প্রশান্তি।

তার কাছে এখন সাপ মানেই আতঙ্ক নয়; বরং সাপও একটি জীবন, যারও বেঁচে থাকার অধিকার রয়েছে।

প্রকৃতির প্রতিটি প্রাণীর টিকে থাকার অধিকার রয়েছে—এই উপলব্ধি থেকেই ভয়কে জয় করে মাহমুদুল আজ একজন ওয়াইল্ডলাইফ রেস্কিউয়ার হিসেবে কাজ করে যাচ্ছেন।

Share With