ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী রাষ্ট্রীয় প্রটোকল পাবেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক কায়কোবাদ

রাষ্ট্রীয়, সরকারি ও কূটনৈতিক অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদসহ দেশের সব জেলা পরিষদ প্রশাসকের জন্য নির্ধারিত মর্যাদা ও প্রটোকল নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ৩০ জুলাই এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে নির্দেশনা পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ওয়ারেন্ট অব প্রেসিডেন্স, ১৯৮৬’ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা, কূটনৈতিক অনুষ্ঠান, আসন বিন্যাস (Seating Arrangement), আনুষ্ঠানিক চিঠিপত্র ও আমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে।

ওয়ারেন্ট অব প্রেসিডেন্সে জেলা পরিষদের প্রশাসকদের জন্য নির্ধারিত অবস্থান অনুযায়ী রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে তাঁদের প্রটোকল ও সম্মান প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করা হবে। তবে এটি প্রশাসনিক ক্ষমতা বা পদমর্যাদার পরিবর্তন নয়; বরং রাষ্ট্রীয় অনুষ্ঠানে মর্যাদাক্রম নির্ধারণের বিষয়।

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এ নির্দেশনার অনুলিপি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশনার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক দায়িত্ব পালন করছেন। নতুন এ নির্দেশনার মাধ্যমে রাষ্ট্রীয় অনুষ্ঠান ও আনুষ্ঠানিক কার্যক্রমে জেলা পরিষদ প্রশাসকদের নির্ধারিত প্রটোকল অনুসরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Share With