কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক (জীববিদ্যা) আব্দুল মান্নান মিয়ার অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আবেগঘন ও বর্ণাঢ্য আয়োজনে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র শিক্ষকগণ, এসময় বক্তারা দীর্ঘ কর্মজীবনে সহকারী শিক্ষক আব্দুল মান্নানের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর অবসরকালীন জীবন সুখী, সুন্দর ও কল্যাণময় হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বিদায়ী বক্তব্যে সহকারী শিক্ষক আব্দুল মান্নান তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মজীবনে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও ভালোবাসার কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ নূর বখত মিঞা বলেন, “আল্লাহ তায়ালা ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন। অবসরকালীন জীবন সুখে, শান্তিতে ও ইবাদত-বন্দেগিতে কাটানোর তৌফিক নসিব করুন। আমিন।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল মান্নান নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। তাঁর কর্মজীবনের অবদান প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষক আব্দুল মান্নানের হাতে সম্মাননা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অবসরজীবনের সুখ-শান্তি কামনা করে দোয়া করা হয়।