কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের লেভেল-১, সেমিস্টার-১-এর শিক্ষার্থীদের জন্য আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) একটি মাঠ সফরের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের ‘এগ্রোনমি’ বিষয়ে বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন হালাবট এলাকায় স্থানীয় কৃষকের জমিতে এই কার্যক্রম পরিচালিত হয়।
ফিল্ড সফরে শিক্ষার্থীরা ধান চাষের আধুনিক ও প্রথাগত কৃষি প্রযুক্তি হাতে-কলমে শিখেছেন। এতে তারা ধান চাষের বিভিন্ন কলাকৌশল নিজ হাতে সম্পন্ন করার অভিজ্ঞতা অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, যাতে তারা দক্ষ কৃষিবিদ হিসেবে নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম বলেন,“এ ধরনের কার্যক্রম পাঠ্যপুস্তকের তাত্ত্বিক জ্ঞান এবং বাস্তব জীবনের প্রয়োগের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করে। এটি শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক, উদ্ভাবনী এবং দক্ষতাভিত্তিক শিক্ষার প্রাথমিক ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে। মাঠ পর্যায়ের এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের দক্ষ কৃষিবিদ হিসেবে গড়ে তুলবে, যারা নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিতভাবে এ ধরনের মাঠ পর্যায়ের ব্যবহারিক কার্যক্রম অব্যাহত থাকবে।”