কুড়িগ্রাম সদর হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্য গ্রেফতার

কুড়িগ্রামের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের বিভিন্নভাবে হেনস্তার অভিযোগে দালাল চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম সদর থানা ও সদর ফাঁড়ি পুলিশের একটি যৌথ দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর হাসপাতালপাড়া এলাকার নাহিদ ইসলাম (২৭), নুর হোসেন, রায়হান মিয়া (২৭), হরিকেশ মধ্যপাড়ার আনোয়ার (৩০) এবং সরদারপাড়ার মারুফ মিয়া (৪০)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “হাসপাতালে দালালদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল শতভাগ দালালমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Share With