কুড়িগ্রাম সরকারি কলেজ বাঁধন ইউনিটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজান মাস উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ বাঁধন ইউনিটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠনটির এ আয়োজনে উপস্থিত ছিলেন বাঁধনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এবং কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিটের একঝাঁক নিবেদিতপ্রাণ কর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তদান শুধু একটি মানবিক কাজ নয়; এটি মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও দায়িত্ববোধের অনন্য প্রকাশ। একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে একটি ব্যাগ রক্তই হতে পারে নতুন আশার আলো। তাই বাঁধনের সাথে সম্পৃক্তরা মূলত নির্মল ও মানবিক মনের মানুষ। আগামীর সুন্দর সমাজ বিনির্মাণে এমন মানবিক স্বেচ্ছাসেবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, রক্তদানের মাধ্যমে যে আত্মতৃপ্তি ও মানসিক প্রশান্তি পাওয়া যায়, তা অন্য কোনো কাজের মাধ্যমে পাওয়া কঠিন। একজন অসুস্থ মানুষের জীবনে বেঁচে থাকার নতুন সুযোগ সৃষ্টি করাই একজন রক্তদাতার সবচেয়ে বড় অর্জন।

ইফতারের আগে কুড়িগ্রাম সরকারি কলেজ কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আরিফ দোয়া পরিচালনা করেন। এসময় বাঁধন কর্মীদের ওপর মহান আল্লাহর রহমত কামনা করা হয় এবং সকল রক্তদাতার সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনা করা হয়।

দোয়া শেষে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। মানবতার সেবায় নিয়োজিত এসব তরুণ স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা ও মানবিকতার এক মিলনমেলায়।

Share With