কুড়িগ্রাম সরকারি কলেজে কলাপাতায় ব্যতিক্রমী ইফতার আয়োজন

পবিত্র রমজান উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজে পরিবেশবান্ধব ব্যতিক্রমী ইফতার আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা। সোমবার (৬ মার্চ) বিকেলে কলেজ মাঠে অনুষ্ঠিত এ আয়োজন পরিবেশ সচেতন উদ্যোগ হিসেবে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

ইফতার আয়োজনের বিশেষত্ব ছিল কলাপাতায় ইফতার পরিবেশন। প্লাস্টিক বা ক্ষতিকর উপকরণের পরিবর্তে প্রাকৃতিক কলাপাতায় হরেক রকম ইফতারের খাবার সাজিয়ে পরিবেশন করা হয়। ভিন্নধর্মী এই উদ্যোগ উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে এবং পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফিজুর রহমান খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আবু নূর এবং পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম। এছাড়াও কলেজের শিক্ষক পরিষদের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা গ্রীন ভয়েসের সভাপতি জাকারিয়া বলেন, ইফতার মহান সৃষ্টিকর্তার এক বিশেষ নেয়ামত। কিন্তু বর্তমানে ইফতার পরিবেশনে প্লাস্টিকসহ নানা ক্ষতিকর উপকরণ ব্যবহারের কারণে পরিবেশ হুমকির মুখে পড়ছে। পরিবেশ রক্ষার সচেতনতা থেকেই গ্রীন ভয়েস এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, কলাপাতায় ইফতার পরিবেশনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় একটি ছোট প্রয়াস নেওয়া হয়েছে। সমাজের সবাইকে পরিবেশবান্ধব এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা এমন পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Share With