কুড়িগ্রাম সীমান্তে টানা ৪৮ ঘণ্টার সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১৬ লাখ ৩৪ হাজার টাকা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে ধারাবাহিক বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, প্রসাধনী সামগ্রী ও গবাদিপশুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষায় যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে এবং চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা বজায় রাখতে এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।