কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অবৈধভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের অভিযোগে তিনটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের যৌথ টিম। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ভূরুঙ্গামারী উপজেলার মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স নামক ইটভাটাকে ১ লাখ টাকা, মেসার্স ডিএমএইচ ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা এবং মেসার্স টিএমএইচ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তিনটি ইটভাটা থেকে মোট ৩ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
জেলা প্রশাসকের পূর্বানুমতি ছাড়াই ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করায় এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি হালনাগাদ কাগজপত্র না থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।