কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের চাচিয়ার বাজার ও উমানন্দ এলাকার কাচারিপাড়া এলাকায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে চাচিয়ার বাজার এলাকায় ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে এসএফসি ব্রিকস-এর ম্যানেজার চন্দন মজুমদারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া তবকপুর ইউনিয়নের উমানন্দ এলাকার কাচারিপাড়া এলাকায় কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অপরাধে মো. লিটন মিয়া ও মো. রুবেল মিয়াকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৫ম তফসিলের ১১ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ৮৯ ধারায় প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান জনস্বার্থে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।