জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের অঙ্গীকার নিয়ে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’ এবার কুড়িগ্রাম জেলায় সাংগঠনিকভাবে নতুন মাত্রা পেয়েছে। সংগঠনটির জেলা শাখার কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করতে ৬৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছয় মাস মেয়াদি এই কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন রবিউস সানি এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম।
শনিবার (২৬ জুলাই) ‘আপ বাংলাদেশ’-এর প্রধান সংগঠক নাঈম আহমদের সুপারিশে কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ এই কমিটি অনুমোদন করেন।
নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রাজিয়া সুলতানা সূচি, মোঃ জাহিদ হাসান, ছাইয়েদা আক্তার, মেসবাহুল হক এবং মোখলেছুর রহমান। একইসঙ্গে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনজামাম উল হক, এম হাফিজুর রহমান ফুয়াদ, মোঃ মাসুদ রানা, নাহিদ প্রধান তাছিন এবং মোঃ আপেল মাহমুদ।
কমিটিতে জেলার প্রতিটি অঞ্চল থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে, যা সংগঠনের নীতি ও অন্তর্ভুক্তিমূলক সাংগঠনিক কাঠামোর প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। জেলা পর্যায়ে সংগঠনের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি, একটি ন্যায়ভিত্তিক, গণমুখী ও দুর্বৃত্তমুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এই কমিটির সদস্যরা সক্রিয় ভূমিকা রাখবেন।
প্রসঙ্গত, ‘আপ বাংলাদেশ’ বর্তমানে সারাদেশে আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারকে পুনর্বাসন এবং “জুলাই ঘোষণাপত্র” ও “জুলাই সনদ”-এর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের মূল রাজনৈতিক লক্ষ্য হলো ক্ষমতাকেন্দ্রিক সুবিধাবাদী রাজনীতির অবসান ঘটিয়ে একটি মানবিক, নৈতিক ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা।
আমার পছন্দের একটি রাজনৈতিক প্লাটফর্ম হচ্ছে আপ বাংলাদেশ বা ইউনাইটেড পিপলস অফ বাংলাদেশ।