কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুগ্ধ আবাসিক হোটেলে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই হোটেলে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও একজন কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড সংলগ্ন মুগ্ধ আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, হোটেলটি মাদক কারবারিদের অবস্থানের স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে নজরদারি করা হচ্ছিল। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। হোটেলের বিভিন্ন কক্ষ থেকেও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ।
পুলিশের দাবি, অভিযানের সময় হোটেলটির ম্যানেজার মো. রাকিবুল ইসলাম (২৩) পালিয়ে যান। তার বিরুদ্ধে প্রায় ৭ হাজার পিস ইয়াবার চালান সংগ্রহ করে মাদক কারবারিদের কাছে সরবরাহের অভিযোগ রয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. আলমগীর বিশ্বাস (৪০) ও মো. আবুবকর সিদ্দিক (২০) নামে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবুবকর সিদ্দিককে ২০০ টাকা জরিমানা ও পাঁচ দিনের কারাদণ্ড এবং আলমগীর বিশ্বাসকে ১ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ।
এবিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, মুগ্ধ আবাসিক হোটেল কর্তৃপক্ষের মাদক সংশ্লিষ্টতার বিষয়ে দীর্ঘদিন ধরে নজরদারি চলছিল। ইয়াবার বড় একটি চালান হাতবদলের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মাদক সংশ্লিষ্ট আলামত পাওয়া গেছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক ম্যানেজারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।