কুড়িগ্রাম জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পূর্বের সমন্বয় কমিটি বিলুপ্ত করে ৬৪ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মুকুল মিয়া এবং সদস্য সচিব হিসেবে মাসুম মিয়াকে ছয় মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এনসিপি’র কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেজে তালিকা আকারে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটি অনুমোদন করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মাহমুদুল হাসান জুয়েল। এছাড়া রাশেদুজ্জামান তাওহীদকে ১নং যুগ্ম আহ্বায়কসহ মোট ১০ জনকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মাওলানা দিনার মিনহাজ, যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন শাহজাহান আলী সুমনসহ ৭ জন।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোজাম্মেল হক বাবুসহ ৪ জন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম এবং গোলাম রসুল রনি নাম পেয়েছেন। সদস্য পদে রাখা হয়েছে ৩৮ জনকে।
নবগঠিত কমিটিতে সাতজন নারী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন, যার মধ্যে যুগ্ম সদস্য সচিব পদে জেলা নারী শক্তির নেত্রী নাসিরা খন্দকার নিসা রয়েছেন।
এ বিষয়ে এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ বলেন, নতুন কমিটিতে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও পূর্ববর্তী কমিটির কর্মতৎপরতা বিবেচনা করা হয়েছে। পদ-পদবী বড় কথা নয়, সবাই এখানে যোগ্য। আগামী দিনে এই কমিটি কুড়িগ্রামের গণমানুষের পাশে থাকবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও জানান, আহ্বায়ক ও সদস্য সচিব পদে অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে আবেদন গ্রহণ শেষে রংপুর সার্কিট হাউসে মৌখিক পরীক্ষা ও বায়োগ্রাফি যাচাই-বাছাই করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।