কুড়িগ্রামের উলিপুরে চার মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের দাবি, এটি একটি হত্যাকাণ্ড। ঘটনাটি ঘটেছে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায়।
নিহত শিশুর নাম আরিফুল ইসলাম (৪ মাস)। তিনি ওই এলাকার আমিনুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় শিশুটিকে ঘুমন্ত অবস্থায় রেখে পাশের বাড়িতে যান তার মা। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন শিশু বিছানায় নেই। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী বুড়িতিস্তা নদীতে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার হয়।
এ ঘটনায় শিশুটির স্বজনরা অভিযোগ করেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা শিশুকে বিছানা থেকে তুলে নিয়ে হত্যা করে নদীতে ফেলে রেখে যায়। তারা এ হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান সোমবার (১ সেপ্টেম্বর) সকালে জানান, শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।