কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, আহত ৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাহেনা বেগমের পরিবারের পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় একটি ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করারও অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পণ্ডিতপাড়া গ্রামের বাসিন্দা রাহেনা বেগম দীর্ঘদিন ধরে দলিলমূলে ক্রয় করা জমি ভোগদখল করে আসছেন। তাঁর দাবি, ৫ হাজার ৩২৮ নম্বর দলিলমূলে তিনি সাড়ে ৩৮ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ ও হালচাষ করে আসছেন।

রাহেনা বেগমের অভিযোগ, প্রতিবেশী আব্দুর রশিদসহ কয়েকজন ওই জমি জোরপূর্বক দখল এবং সেখানে রাস্তা নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে রাহেনার পরিবারের লোকজনকে মারধর করা হয় এবং এতে কয়েকজন আহত হন। পরে আহতরা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নেন বলে জানা গেছে।

এ ছাড়া বিবাদমান জমিতে রোপা আমন ধানের ক্ষেতে আব্দুর রশিদ গং কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করেছেন বলেও অভিযোগ করেন রাহেনা বেগমের পরিবার।

এ ঘটনায় কুড়িগ্রাম জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ৬২/২৬।

স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন বলেন, রাহেনা বেগম দীর্ঘদিন ধরে দলিলমূলে ওই জমি ভোগদখল করে আসছেন।

আরেক স্থানীয় বাসিন্দা নবীজনের অভিযোগ, রাহেনা ও তাঁর পরিবারের সদস্যরা অসহায় হওয়ায় তাদের মারধর করা হয়েছে। এ সময় শ্লীলতাহানির পাশাপাশি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেন তিনি।

স্থানীয় বাসিন্দা সলিমা বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাহেনার ধানক্ষেতে কীটনাশক ছিটিয়ে ফসল নষ্ট করা হয়েছে।

এ ঘটনায় ভিতরবন্দ ইউনিয়নের সচেতন মহল ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অন্যদিকে আব্দুর রশিদ গং অভিযোগ অস্বীকার করে বলেন, জমি রেওয়াজ করে তারা রাস্তা নির্মাণ করেছেন। কিন্তু বর্তমানে রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share With