কুড়িগ্রামের উলিপুর উপজেলার মন্ডলহাটে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জুলাই অভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ।
জমজমাট এ খেলায় মুখোমুখি হয় শহীদ আবু সাঈদ ফুটবল একাদশ ও শহীদ আবু রায়হান ফুটবল একাদশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয় টাইব্রেকারে।
উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৫–৪ গোলে শহীদ আবু রায়হান ফুটবল একাদশকে পরাজিত করে শহীদ আবু সাঈদ ফুটবল একাদশ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে রানার্সআপ দলকেও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ম্যাচের সেরা খেলোয়াড়কেও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন মোঃ মশিউর রহমান মুন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি, মিরপুর মডেল থানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাশেদুল ইসলাম, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেটের খেলোয়াড় ও মন্ডলহাট ক্রীড়া সংঘের সিনিয়র খেলোয়াড়; মিলজার রহমান লায়ন, সভাপতি, মন্ডলহাট ক্রীড়া সংঘ; বিপুল রানা, ইউনিয়ন সমাজকর্মী, সমাজসেবা অধিদপ্তর, উলিপুর উপজেলা; নাট্যকার বাবুসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলাকে ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। দর্শকদের করতালি, উচ্ছ্বাস ও আনন্দ-উল্লাসে মুখর হয়ে ওঠে মাঠ প্রাঙ্গণ।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
খেলাধুলার মাধ্যমে তরুণদের ঐক্য, সম্প্রীতি ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।