কুড়িগ্রামে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে বাঁশঝাড়ের ডোবার পানিতে পড়ে বায়েজিদ ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা খন্দকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার।

মৃত বায়েজিদ ওই এলাকার আবু তাহের মিয়ার ছোট ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল বায়েজিদ। খেলার ছলে পরিবারের অজান্তে সবার চোখ এড়িয়ে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের ডোবার পানিতে পড়ে যায় সে।

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের বাঁশঝাড়ের ডোবার পানিতে শিশুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখেন স্থানীয়রা।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করেন।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share With