কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহে নাকাল সাধারণ মানুষ

কুড়িগ্রামের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় পৌষের হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। তাপমাত্রা ক্রমাগত নিম্নগামী হওয়ায় হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। একই সঙ্গে বিড়ম্বনায় পড়েছেন কৃষিশ্রমিকরাও। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত চারদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে এলাকা। এ সময় কুয়াশা বৃষ্টির ফোঁটার মতো ঝরতে দেখা যায়।

কুয়াশার ঘনত্ব বেশি থাকায় যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে। দিনের বেলায় সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

Share With