কুড়িগ্রামে পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি, পরিবেশকর্মী ও জুলাই যোদ্ধা সারফারাজ ইসলাম সৌরভের ওপর নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রিন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখা।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২৪) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রিন ভয়েসের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে গ্রিন ভয়েস উলিপুর উপজেলা শাখার উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের পরেও চিহ্নিত এই সন্ত্রাসী সংগঠনের সদস্যরা কীভাবে প্রকাশ্যে হামলা চালানোর সাহস পায়, তা আমাদের বোধগম্য নয়। এটি অত্যন্ত আশঙ্কাজনক। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—অনতিবিলম্বে হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।”

উলিপুর উপজেলা গ্রিন ভয়েসের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান কবির আল্টিমেটাম ঘোষণা করে বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী মাসুম বিল্লাহকে গ্রেপ্তারে প্রশাসনের কোনো ধরনের গড়িমসি আমরা মেনে নেব না। আমরা ইতোমধ্যেই ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি, যার ১২ ঘণ্টা পেরিয়ে গেছে। নির্ধারিত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি আবু রায়হান জাকারিয়া, পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নদী, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাইদুল ইসলাম মামুন এবং উলিপুর স্বেচ্ছাসেবী ফোরামের মুখ্য সংগঠক মারুফ শেখ প্রান্ত।

মানববন্ধন শেষে গ্রিন ভয়েসের একটি প্রতিনিধি দল অপরাধীদের দ্রুত বিচার ও গ্রেপ্তারের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *