কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে বাল্যবিবাহ নিরোধ ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।
আলোচনা সভায় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, এটি প্রতিরোধে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের ভূমিকা এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এর ফলে কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনা বাধাগ্রস্ত হয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
সভায় কিশোর-কিশোরীদের মানসিক চাপ, হতাশা এবং পারিবারিক ও সামাজিক নানা সমস্যার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এ সময় তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ, প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বিশেষ করে দুর্গম ও নদীবেষ্টিত এলাকার কিশোর-কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা এবং বাল্যবিবাহের ঝুঁকি থেকে তাদের সুরক্ষায় স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা সভা থেকে বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং কিশোর-কিশোরীদের নিরাপদ, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।