কুড়িগ্রামের রাজারহাটে মেধাবী ও দরিদ্র পরিবারের শিক্ষার্থী ঋতুপর্ণার চলাচলে সহজতা আনতে মানবিক উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল ইমরান। তাকে কলেজে যাতায়াতের সুবিধার্থে একটি নতুন বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
ঋতুপর্ণা রাজারহাট সদর ইউনিয়নের পুঁটিকাটা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করেছেন সফলভাবে। বর্তমানে তিনি সরকারি মীর ইসমাঈল হোসেন কলেজের একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।
অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে হেঁটে কলেজে যেতে হতো ঋতুপর্ণাকে। বিষয়টি নজরে এলে ইউএনও ইমরান মানবিক দৃষ্টান্ত হিসেবে বাইসাইকেল প্রদান করেন, যাতে তার দৈনন্দিন কষ্ট কিছুটা হলেও লাঘব হয়।
এসময় ইউএনও বলেন, “শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে প্রশাসন সবসময় পাশে থাকবে। মেধাবীদের সুযোগ ও সহায়তা দেওয়া আমাদের দায়িত্ব।”
ঋতুপর্ণা ও তার পরিবার এই সহায়তার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।