কুড়িগ্রামে রমজানজুড়ে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি, স্বস্তিতে নিম্নআয়ের মানুষ

কুড়িগ্রামে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ বিভাগ প্রান্তিক খামারিদের সহায়তায় বাজারে দুধ ও ডিমের দাম সহনীয় রাখতে সুলভ মূল্যে বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রমজানের প্রথম দিন থেকে শুরু হওয়া এ উদ্যোগের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের হাট-বাজারের বিভিন্ন স্থানে কম দামে দুধ ও ডিম সরবরাহ করা হয়।

সুলভ মূল্যের এই বিক্রি কার্যক্রমে খেটে-খাওয়া ও নিম্নআয়ের মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে।

স্থানীয় দিনমজুর আলতাফ হোসেন জানান, খোলা বাজারে দুধের কেজি ১০০ টাকা এবং ডিমের হালি ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। সেখানে ১০০ টাকায় ৯টি ডিম ও আধা কেজি দুধ পেয়ে রমজানে কিছুটা স্বস্তি মিলেছে।

যাত্রাপুর ইউনিয়নের কৃষক ফারুক মিয়া বলেন, বাজারে দুধের কেজি ১২০ টাকা হওয়ায় তা কেনা কঠিন হয়ে পড়ে। তবে এখানে ১০০ টাকায় ৯টি ডিম ও আধা কেজি দুধ পাওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।

কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, রমজানের শুরু থেকেই বাজারমূল্যের চেয়ে কম দামে ডিম ও দুধ বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার ৫০০টি ডিম ও ৮০ লিটার দুধ বিতরণ করা হয়েছে। প্রতি হালি ডিম ৩০ টাকা এবং প্রতি লিটার দুধ ৬৫ টাকায় বিক্রি করা হয়।

রমজানজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য পুষ্টিকর খাবার সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Share With