কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শব্দদূষণবিরোধী একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করা হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫টি যানবাহনের চালকের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী তাদের মোট ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও অভিযানে অংশ নেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, জনস্বাস্থ্য রক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।