কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাইক্রোবাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এর মধ্যে মাইক্রোবাসের চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার গঙ্গাহাট বিজিবি ক্যাম্পের সামনে ফুলবাড়ী–নাগেশ্বরী সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ী থেকে নাগেশ্বরীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ তিনজন আহত হন।
খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। সংঘর্ষের পর ট্রলির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, সড়কটিতে আলো ও গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত নিরাপদ সড়ক ব্যবস্থার দাবি জানিয়েছেন।