কুড়িগ্রামে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে চরবাসীর মানববন্ধন

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার চরাঞ্চলে ফের শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমি তলিয়ে যায়। পানি নামতে শুরু করতেই ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে শত শত ঘরবাড়ি, ফসলি জমি ও গবাদিপশু নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় রাত জেগে পাহারা দিচ্ছেন চরবাসী।

এই পরিস্থিতিতে রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার নারায়ানপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ী চর এলাকায় নদীর তীরে মানববন্ধন ও সমাবেশ করেন স্থানীয়রা। চর উন্নয়ন কমিটি, নাগেশ্বরী শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার নয়টি নদীবেষ্টিত ইউনিয়নের শত শত মানুষ অংশ নেন। ইউনিয়নগুলো হলো—নায়ানপুর, নুনখাওয়া, কালীগঞ্জ, বেরুবাড়ি, কচাকাটা, কেদার, রায়গঞ্জ, বল্লভেরখাস ও বামনডাঙ্গা।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বছরের পর বছর নদী ভাঙনে ঘরবাড়ি ও জমিজমা হারিয়ে নিঃস্ব হচ্ছেন চরবাসী। কিন্তু কার্যকর কোনো সরকারি উদ্যোগ নেই। জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণ না করলে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়বে।

চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, “চরের মানুষ দীর্ঘদিন ধরে ভাঙনে সর্বস্ব হারাচ্ছে। কোথাও আশ্রয় নেই, নেই কোনো ভরসা। এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

জেলা যুগ্ম আহ্বায়ক সফিউল আলম সফি বলেন, “কেবল প্রতিশ্রুতি দিয়ে ভাঙন ঠেকানো যাবে না। এখনই স্থায়ী বাঁধ নির্মাণ শুরু করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

সমাবেশে চরবাসীরা হাত তুলে শপথ নেন—“নদী ভাঙন রুখবই, বাঁচাবই আমাদের অস্তিত্ব।”

Share With