কুড়িগ্রামে ‘স্বদেশী বৈশাখ ১৪৩৩’ উদযাপনে থাকছে নানা আয়োজন

কুড়িগ্রামে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে আয়োজিত হতে যাচ্ছে বর্ণাঢ্য উৎসব ‘স্বদেশী বৈশাখ ১৪৩৩’। স্বদেশী বৈশাখ উদযাপন পরিষদের উদ্যোগে আগামী ১৪ এপ্রিল কলেজ মোড়স্থ জুলাই ইসলাম প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের সূচনা হবে সকাল ৮টা ৩০ মিনিটে কলেজ মোড় থেকে বর্ণিল বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের জন্য থাকবে ঐতিহ্যবাহী হালখাতা ও পান্তা-ইলিশের আয়োজন।

দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে ‘বৈশাখী আসর’ শীর্ষক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আয়োজনে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণে হাড়িভাঙ্গাসহ গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলার ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে বাঙালির নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও গ্রামীণ ঐক্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সমাজে দেশীয় চেতনাকে জাগ্রত করাই তাদের মূল লক্ষ্য। সকল শ্রেণি-পেশার মানুষকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

Share With