কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত পাড়া গ্রামের বাসিন্দা সাজিমন বেগম। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধার জীবনের শেষ প্রান্ত কাটছে চরম অসহায়ত্ব ও অভাব-অনটনের মধ্যে। প্রায় ১২০ বছর বয়সী সাজিমন বেগম ঠিকমতো চলাফেরাও করতে পারেন না।
একসময় স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে সংসার ছিল তাঁর। কিন্তু সময়ের পরিক্রমায় স্বামী ও একমাত্র সন্তানকে হারিয়েছেন তিনি। এখন বিধবা মেয়ের আশ্রয়েই কোনোমতে দিন কাটছে তাঁর।
বয়সের ভারে শরীর ভেঙে পড়লেও জীবনের মৌলিক প্রয়োজনগুলোই যেন তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। দু’বেলা খাবার জোগাড় করতেই যেখানে কষ্ট, সেখানে প্রয়োজনীয় চিকিৎসার খরচ বহন করা তাঁর বিধবা মেয়ের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
ফলে জীবনের এই শেষ বয়সে এসে খাবারের জন্যও অন্যের সহায়তার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাঁকে।
শুধু খাবারের সংকটই নয়, যে ঘরটিতে তিনি বসবাস করেন, সেখানেও নেই বিদ্যুৎ সংযোগ। ফলে তীব্র গরমে বিদ্যুৎবিহীন ঘরেই থাকতে হয় অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল এই বৃদ্ধাকে।
বয়সের ভারে স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারায় গরমের সময় তাঁর দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘ জীবনের শেষ সময়ে এসে সাজিমন বেগমের এমন অসহায় জীবনযাপন অত্যন্ত কষ্টদায়ক। তাঁর জন্য নিয়মিত খাবার, চিকিৎসা, একটি নিরাপদ বাসস্থান ও সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সহায়তা প্রয়োজন।
শতবর্ষের দ্বার পেরিয়ে আসা এই বৃদ্ধার শেষ দিনগুলো যেন অন্তত অনাহার, চিকিৎসাহীনতা ও বিদ্যুৎবিহীন ঘরের কষ্টে না কাটে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
সহায়তা করতে যোগাযোগ:
সাজিমন বেগমের মেয়ে
০১৭৪০১০৪০১৮ (বিকাশ)
০১৭৬৪৮৬৯১২৩ (বিকাশ)