কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি হলেন কুড়িগ্রাম সদরের চর হরিকেশ এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মো. আবু লাইচ শামসুদোহা শাওন (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম থানার একটি দল কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শাওনকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই (নিরস্ত্র) ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই যুবককে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।