“চরাঞ্চলে শিক্ষার সুযোগ সৃষ্টি করি, মেয়ে শিশুর ভবিষ্যৎ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌকা ঘাটে এই কর্মসূচির আয়োজন করে যাত্রাপুর যুব সংগঠন। কর্মসূচিতে সহযোগিতা করে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প ও আরডিআরএস বাংলাদেশ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, চরাঞ্চলের শিশুদের শিক্ষার সুযোগ সীমিত। বিশেষ করে মেয়ে শিশুরা বিদ্যালয়ের অভাবে ঝরে পড়ছে এবং অল্প বয়সেই বাল্যবিবাহের শিকার হচ্ছে। বিদ্যালয় প্রতিষ্ঠা হলে শিক্ষার পাশাপাশি বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ স্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। বক্তারা চরাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ গড়ার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।