কুড়িগ্রামের চিলমারীতে হরিশ্বর ডারা খালের উপর নির্মিত আরসিসি গার্ডার সেতু চালুর মাত্র ১০ মাসের মাথায় সংযোগ সড়কের পশ্চিমাংশ ধসে পড়েছে। প্রায় সোয়া ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬৪ মিটার দীর্ঘ এ সেতুটি গত বছরের নভেম্বর মাসে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। তবে চলতি বছরের ২৮ আগস্ট ভারী বর্ষণের পর সংযোগ সড়কের নিচের মাটি সরে গিয়ে ধস দেখা দেয়। ফলে সেতু দিয়ে যান চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, সেতুর পশ্চিম পাশে সড়কের নিচের মাটি ধসে পড়ায় ইটের সোলিং ভেঙে বড় গর্ত সৃষ্টি হয়েছে। ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকায় ধসের পরিধি আরও বাড়ছে। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা মিনাবাজার এলাকার বাসিন্দা নুরুল হক অভিযোগ করে বলেন, “সেতু নির্মাণে নিম্নমানের কাজ হয়েছে। বৃষ্টির পর সড়কের নিচের মাটি ধসে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। এখনই সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে শরীফের হাট–কাশিম বাজার সড়কে সেতুটি নির্মাণ শুরু হয় ২০২১ সালের ১২ এপ্রিল। এক বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে অবশেষে গত বছরের নভেম্বর মাসে সেতুটি চালু করা হয়। প্রকল্পে ব্যয় হয় ৪ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১৯৩ টাকা। কাজটি সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুফা-জেডএইচডি-জেভি। চলতি বছরের ১৯ মে প্রতিষ্ঠানটিকে চূড়ান্ত বিল প্রদান করা হয়েছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হুমায়ুন কবিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
উপজেলা প্রকৌশলী মো. জুলফিকার আলী বলেন, “ভারী বর্ষণে সেতুর পশ্চিমাংশে ভাঙন দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা সরেজমিনে তদন্ত করে রিপোর্ট দেবে। তাদের বিল থেকে ১০ শতাংশ সিকিউরিটি মানি রাখা হয়েছে। প্রয়োজনে সেই টাকা ব্যবহার করেই সংস্কারকাজ করা হবে।”