ডেঙ্গু দমনে মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি’: কুড়িগ্রামে অভিযানে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে যুক্ত হয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

​প্রধানমন্ত্রীর এই আহ্বানের পরপরই কুড়িগ্রাম জেলায় মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা তৈরিতে নামেন স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নেতৃত্বে শহরের জিয়া বাজার, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

​অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে জরুরি। আমাদের বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে এবং জমে থাকা পানি যেন লার্ভা বিস্তারের উৎস না হয়, সে বিষয়ে সকলকে সচেতন হতে হবে। সরকারি এই ৩ মাসের কর্মসূচিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

​পরিচ্ছন্নতা ও সচেতনতা বাড়াতে এই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার হোসেন,জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।

​এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বেগম সুলতানা সালেহা ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ মিলন অংশ নেন। রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মধ্যে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা কায়কোবাদ মিলি, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা সহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​অভিযানকালে বাজারের বর্জ্য অপসারণের পাশাপাশি জমে থাকা পানি অপসারণ করা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

Share With