দুর্গম চরাঞ্চলে বসবাসরত অসহায় ও অস্বচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে হস্তশিল্প, নকশি কাঁথা ও এমব্রয়ডারি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ঢাকডহর এহছাকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
প্রশিক্ষণ কর্মসূচিতে নারায়ণপুর ইউনিয়নের ২৫ জন নারী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা হস্তশিল্প, নকশি কাঁথা ও এমব্রয়ডারি বিষয়ে ব্যবহারিক দক্ষতা অর্জন করবেন। এর মাধ্যমে তারা নিজ উদ্যোগে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই-খুদা, অধ্যক্ষ আজাহারুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, চরাঞ্চলের নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।