দুর্গাপূজা উপলক্ষে সৌজন্য বোধে ভারতে ১২শ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমোদন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সৌজন্য বোধ ও অনুরোধের কারণে আসন্ন দুর্গাপূজায় ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।

তিনি জানান, প্রবাসী বাঙালিদের দাবির প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার।

ফরিদা আখতার বলেন, এবছর জাটকা নিধনের প্রভাবে ইলিশ উৎপাদন কমে গেছে। ফলে স্থানীয় বাজারে সরবরাহও কিছুটা হ্রাস পেয়েছে। তবে সাধারণ ভোক্তাদের কথা বিবেচনা করে চলতি মাসেই দেশের বিভিন্ন স্থানে সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হবে।

একইসঙ্গে তিনি জানান, গবাদি পশুকে এলএসডি (Lumpy Skin Disease) মুক্ত করতে সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জসহ চারটি জেলায় ভ্যাকসিন কর্মসূচি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হবে।

সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন তিনি।

এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা এবং বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share With