দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কুড়িগ্রামে পুলিশের মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুশৃঙ্খল, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

সভায় জানানো হয়, জেলার ১১টি থানায় ৫৬৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপিত হবে। এর মধ্যে কুড়িগ্রাম সদরে ৮২টি, রাজারহাটে ১৩১টি, উলিপুরে ১২৫টি, নাগেশ্বরীতে ৭৫টি, ফুলবাড়ীতে ৭৮টি, ভূরুঙ্গামারীতে ১৬টি, কচাকাটায় ১৭টি, চিলমারীতে ২৮টি, চর রাজিবপুরে ১টি, রৌমারীতে ৯টি এবং ঢুষমারায় ১টি পূজামণ্ডপ রয়েছে।

পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজার সব কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।

সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও উসকানিমূলক তথ্য প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।

পাশাপাশি, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে জেলা পুলিশ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *