জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন, “আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে সংবিধানসম্মত আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা কোনো ধরনের বৈষম্য চাই না।”
শুক্রবার (২৯ আগস্ট) সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে জেলা ও বিভিন্ন উপজেলা শাখার সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ কথা বলেন।
আরিফ সোহেল বলেন, “আপনারা কী এমপি চান, নাকি এমএলএ চান? যদি এমএলএ চান তবে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রয়োজন। বিএনপি বলছে সংসদে বিষয়টি নিষ্পত্তি হবে, আমরা বলছি গণপরিষদ দরকার। আলোচনা এখনো শেষ হয়নি, তাই হতাশ হওয়ার কিছু নেই।”
তিনি আরও বলেন, “যদি আমরা রাজপথে জনগণের শক্তি প্রদর্শন করতে পারি, তবে গণপরিষদ আদায় করেই ছাড়ব। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে যুক্ত হতে হবে।”
কর্মশালায় কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মাদ মুরসালিন বলেন, “আসন ভাগাভাগি নিয়ে বিভিন্ন মাধ্যমে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, তা ভিত্তিহীন। আমরা শহীদদের রক্তের ঋণে আবদ্ধ। শহীদ, আহত ও পঙ্গুদের ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করা হবে না। সেটি হবে শহীদদের রক্তের প্রতি বেইমানি।”
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এসএম শাহরিয়ার এবং কুড়িগ্রাম জেলা প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান জুয়েল, রাশেদুজ্জামান তাওহীদ, মোজাম্মেল হক বাবু, মাসুম মিয়া, হাফিজুর রহমান খান, জেলা সদস্য আসাদুজ্জামান, রাজু আহমেদ রাজ্জাক, আইয়ুব আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী।
কর্মশালা শেষে বাদ জুমা এনসিপি নেতারা কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের পক্ষে পৌরবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেন। এসময় কুড়িগ্রামকে আধুনিক, নিরাপদ ও কর্মমুখর জেলা হিসেবে গড়ে তুলতে তাঁর ঘোষিত ১৩ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।