কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের গাছপাড়ী গ্রামের লিভার সিরোসিসে আক্রান্ত হতদরিদ্র পরিবারের যুবক রাজু আহমেদের চিকিৎসায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন।
শনিবার (২২ আগস্ট) বিকেলে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন রাজু আহমেদের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেন।
জানা গেছে, লিভার সিরোসিসে আক্রান্ত রাজু আহমেদের জীবন বাঁচাতে প্রায় ৩৫ লাখ টাকা প্রয়োজন। বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরে তার পাশে দাঁড়ান উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন। এ সময় তিনি রাজু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।
সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন জানান, রাজু আহমেদের চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে আর্থিক অনুদানের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগতভাবেও তিনি রাজুর চিকিৎসায় সহযোগিতা করবেন।
রাজুর পরিবারের সঙ্গে কথা বলে তিনি আরও জানতে পারেন, তার বড় ছেলে একজন মেধাবী শিক্ষার্থী। রাজু অসুস্থ হয়ে পড়ায় অর্থাভাবে ছেলের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ বিষয়ে জামাল হোসেন বলেন, অর্থের অভাবে যেন রাজু আহমেদের ছেলের লেখাপড়া বন্ধ না হয়, সে জন্যও তিনি আর্থিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
রাজু আহমেদ ও তার পরিবারের সদস্যরা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেনের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি রাজুর চিকিৎসা চালিয়ে নিতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।