নাগেশ্বরীর চন্ডিপুর মাদ্রাসায় কমিটি বিলুপ্ত, দায়িত্বে ফিরলেন মুফতি আব্দুল হান্নান

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডিপুর মাদ্রাসাকে ঘিরে চলমান জল্পনা-কল্পনার অবসান হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী, ওলামায়ে কেরাম ও সাবেক শিক্ষার্থীরা। মাদ্রাসার পরিচালনার দায়িত্বে পুনরায় বসানো হয়েছে মুফতি আব্দুল হান্নান কাসেমীকে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মনিরচর মাদ্রাসা থেকে চন্ডিপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চন্ডিপুর এলাকায় পৌঁছালে মুফতি আব্দুল হান্নান কাসেমীকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়।

পরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় মাদ্রাসাকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলি ও বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

সিদ্ধান্ত অনুযায়ী, সাম্প্রতিক বিশৃঙ্খলা ও চক্রান্তে জড়িত থাকার অভিযোগ ওঠা শিক্ষকদের স্থায়ীভাবে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।

এসময় ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, ওলামায়ে কেরাম ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share With