কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় বসে জমি সংক্রান্ত বিরোধের সালিশ করতে গিয়ে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নাগেশ্বরী থানা চত্বরে এ ঘটনা ঘটে। আটক যুবলীগ নেতার নাম আঙ্গুর মিয়া (৩৫)। তিনি উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম এলাকার বাসিন্দা এবং মৃত সাইদুর রহমানের ছেলে। আঙ্গুর মিয়া রায়গঞ্জ ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য থানায় একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে আঙ্গুর মিয়া ও তার সহযোগীরা উচ্চবাচ্য ও অসংযত আচরণ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বৈঠকস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হলে পুলিশ হস্তক্ষেপ করে।
এ সময় আঙ্গুর মিয়াসহ তিনজনকে আটক করা হয়। পরে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বীপ মন্ডলের জিম্মায় ফারুক ও রতন নামে দুইজনকে ছেড়ে দেওয়া হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, সালিশ চলাকালে উত্তেজনা সৃষ্টি ও শৃঙ্খলা ভঙ্গের কারণে আঙ্গুর মিয়াকে আটক করা হয়েছে। প্রাথমিক যাচাইয়ে তার রাজনৈতিক পরিচয়ের বিষয়টি জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।