নাগেশ্বরীতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা ও আলোচনা সভা

রাষ্ট্র সংস্কার আন্দোলনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা সভাপতি লাভলু মিয়া, দপ্তর সম্পাদক মো. সুজন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন বলেন, “রাষ্ট্র সংস্কার আন্দোলন বর্তমানে দেশের অন্যতম প্রাসঙ্গিক ও বাস্তবমুখী রাজনৈতিক উদ্যোগ। যদিও দলটি খুব বড় পরিসরে জনপ্রিয় নয়, তবুও সংস্কারের ভাবনা এখন জাতীয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটি আমাদের একটি বড় অর্জন।”

উপজেলা সভাপতি লাভলু মিয়া বলেন, “আমরা এক রক্তক্ষয়ী, হার না মানা আন্দোলনের মাধ্যমে ‘হাসিনাশাহী’ শাসনের অবসান ঘটিয়েছি। ১৯৭১ সালের পর এমন বিজয় দেশ আর দেখেনি। এই অর্জন ধরে রাখতে হলে আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এখনো যারা জনগণের বিরুদ্ধে ফ্যাসিস্ট আচরণ করছে, তাদের প্রতিহত করতেই জুলাই বিপ্লবের চেতনা আমাদের পথ দেখায়।”

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। সুশাসন নিশ্চিতে সরকারকে আরও জবাবদিহিতার আওতায় আনতে হবে।”

আলোচনায় বক্তারা দেশের উন্নয়ন, নাগরিক অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।

Share With