নাগেশ্বরীতে রাস্তা দখল করে পাকা ঘর নির্মাণ, অভিযোগ বেলাল হোসেনের বিরুদ্ধে

নাগেশ্বরী থানার ৯ নং ওয়ার্ডের ডায়নারপাড় এলাকায় দীর্ঘ আট বছর ধরে সরকারি রাস্তা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে বেলাল হোসেনের বিরুদ্ধে। রাস্তাটি দখল হওয়ায় প্রতিদিন চলাচলে চরম দুর্ভোগে পড়ছে এলাকাবাসী, বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

স্থানীয়রা অভিযোগ করেন, একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার কোনও দৃশ্যমান সমাধান হয়নি। তারা জানান, সাবেক পৌর মেয়র, ভূমি সহকারী কমিশনার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ সত্ত্বেও কিছু কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রভাবশালী হওয়ায় বেলাল হোসেন শুধু রাস্তা দখল করেননি, গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানিও করেছেন বলে দাবি করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদ জানান, বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়াধীন রয়েছে এবং সরকারি উচ্ছেদ কার্যক্রম চলমান। তিনি বলেন, “একাধিকবার এলাকাবাসীর সঙ্গে নিয়ে জায়গার সীমানা নির্ধারণ করা হয়েছে। তবুও বেলাল হোসেন উচ্ছেদ কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন। দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে উচ্ছেদ নিশ্চিত করা হবে।”

থানার পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি রাস্তা মাপা হলে দেখা গেছে বেলাল হোসেন সেখানে পাকা ঘর নির্মাণ করেছেন। পাশাপাশি, তিনি গ্রামবাসীর বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন যা তদন্তাধীন।

অভিযুক্ত বেলাল হোসেন দাবি করেন, তিনি সরকারি কর্তৃপক্ষের কাছে রাস্তা পুনঃমাপের আবেদন করেছেন। তবে এলাকাবাসীর একমাত্র দাবি—সরকারি রাস্তার উপর থেকে অবিলম্বে স্থাপনা সরিয়ে সুষ্ঠু ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

Share With