কুড়িগ্রামের নাগেশ্বরীতে যৌথ অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা, নগদ টাকা, মোবাইল ফোন এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্দেহভাজন মাদক কারবারি।
বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীন ২২ বীরের একটি টহল দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৭০০ পিস ইয়াবা, নগদ ৯ হাজার ৯০০ টাকা, ৮টি মোবাইল ফোন ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ গণমাধ্যমকে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। পলাতক মাদক কারবারিকে গ্রেপ্তারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, “মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাবে সেনাবাহিনী।”
স্থানীয়রা জানান, নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকাটি দীর্ঘদিন ধরেই মাদক কারবারিদের জন্য একটি গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সেনা অভিযানকে স্বাগত জানিয়ে তারা এলাকাটি মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।