নাগেশ্বরীতে ৫০ কৃতি শিক্ষার্থীকে ফুল শিক্ষাবৃত্তি প্রদান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২০২৪ সালের ফুল শিক্ষাবৃত্তি পেয়েছে ৫০ জন কৃতি শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফাইট আনটিল লাইট (ফুল)’।

অনুষ্ঠানে উপজেলার সরকারি ও বেসরকারি ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাইকৃত ৫০ শিক্ষার্থীকে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।

ফুলের পরিচালক ও শিক্ষাবৃত্তি কার্যক্রমের সদস্য সচিব আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, নাগেশ্বরী কলেজের সাবেক সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, হাতিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিন এবং নিউ প্রতিশ্রুতি কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলের পরিচালক শহিদুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ধরনের শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে ভূমিকা রাখবে।

Share With