কুড়িগ্রামে নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলগুলোর নেতা, সুশীল সমাজ ও সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, জেলা জামায়াতের আমীর আব্দুল মতিন ফারুকী, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন এবং বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা জেলার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন চ্যালেঞ্জ ও জনসেবার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না উল্লেখ করে তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে বলেও জানান তিনি।
এছাড়া জেলার দারিদ্র্যবিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে জেলা প্রশাসনের অধীনস্থ সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন ডিসি অন্নপূর্ণা দেবনাথ। জনসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও সময়মতো উন্নয়নকাজ সম্পন্ন করাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেন।
সভা শেষে জেলা প্রশাসক সবার সহযোগিতা কামনা করে বলেন, কুড়িগ্রামের উন্নয়ন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব। তিনি জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজকে এগিয়ে নিতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।