ন্যায্য দাম না পেয়ে কুড়িগ্রামের কৃষক ঢাকায় রিকশা চালাতে বাধ্য : এবি পার্টি সাধারণ সম্পাদক

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “কীটনাশক ও সার বিক্রির টাকায় কৃষকের ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছে। চাল ও ডালের ন্যায্য মূল্য নির্ধারণ করতে না পারায় কুড়িগ্রামের কৃষকরা গ্রামে টিকে থাকতে না পেরে ঢাকায় রিকশা চালাতে বাধ্য হচ্ছে।”

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম সদরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ফুয়াদ বলেন, “ফুলের মতো পবিত্র মানুষগুলোর হাতেই আপনাদের ভাগ্য তুলে দিয়েছিলেন, আর তারাই তা নিয়ে ছিনিমিনি খেলেছে। সংসদে যাওয়ার পর তারা আপনাদের কথা ভুলে গেছে।”

তিনি আরও বলেন, “নতুন রাজনীতিতে আপনাদের এগিয়ে আসতেই হবে, যদি আপনারা ভাগ্য বদলাতে চান। সিদ্ধান্ত আপনাদের—অধিকার ফিরে পেতে চান, নাকি দাসত্বে অভ্যস্ত হয়ে থাকবেন? জিন্দাবাদের রাজনীতি করবেন, নাকি পরিবর্তনের রাজনীতি?”

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, “আমরা নতুন বাংলাদেশ গড়ার রাজনীতি করি, বিবেকের রাজনীতি করি। আমরা ভোট কেনাবেচার রাজনীতি নয়, সেবার রাজনীতি করি। আমরা করি অধিকারের লড়াইয়ের রাজনীতি।”

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার—এই তিন মূলনীতিকে ভিত্তি করে ‘অধিকারভিত্তিক কল্যাণ রাষ্ট্র’ প্রতিষ্ঠার লক্ষ্যে কুড়িগ্রামে এবি পার্টির পথসভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টা থেকে রাজারহাট উপজেলা, কুড়িগ্রাম সদর উপজেলার ত্রিমোহনী বাজার ও ঘোষপাড়া এলাকায় ধারাবাহিকভাবে এসব পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
পথসভায় আরও বক্তব্য দেন এবি পার্টির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খাঁন এবং জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।

Share With