কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী থানার উত্তর কাশিপুর মৌজার তেলীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি বস্তায় মোট ৭৫ কেজি গাঁজা ও একটি সিএনজি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বুদারবান্নি চিনাবাড়ি এলাকার মো. খোরশেদ আলম (৩৮) এবং খালিশা কোটাল এলাকার মো. শফিকুল ইসলাম (৫০)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।”তিনি আরও বলেন, “মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”