“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দাসিয়ারছড়া কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি আতাউর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল মালেক এবং উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রহমান।
বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন সময়ের দাবি। তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।