কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী হাট বাজারে অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে হাটের ইজারাদারের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বাজার বণিক সমিতির এক সদস্য।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, খড়িবাড়ী হাট বাজারের পূর্ব পাশে তাহের প্লাজার (মাংসের হাট সংলগ্ন) নিকটে অবস্থিত প্রায় ৪০-৫০ বছর বয়সী একটি বড় কড়াই গাছ ভোরবেলায় কেটে ফেলেন হাটের ইজারাদার মোশারফ হোসেন দুলাল।
অভিযোগ রয়েছে, তিনি লোকজন নিয়ে প্রভাব খাটিয়ে গাছটি কেটে অজ্ঞাত স্থানে সরিয়ে রাখেন এবং প্রমাণ গোপনের জন্য গাছের গোড়ায় মাটি ও বালু দিয়ে ঢেকে দেন। পরে বিষয়টি জানাজানি হলে বাজার বণিক সমিতির সদস্য আব্দুল লতিফ ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। গাছটির আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন অভিযোগকারী।
জানা গেছে, মোশারফ হোসেন দুলাল ও মোহাম্মদ আলী নামে আরেক ব্যবসায়ী যৌথভাবে হাটটি পরিচালনা করেন।
বাজার বণিক সমিতির সদস্য আব্দুল লতিফ অভিযোগ করে বলেন, মোশারফ হোসেন দুলাল স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় অনিয়ম করে থাকেন। ভোররাতে সরকারি গাছ কেটে নিয়ে গেলেও তা কোথায় রাখা হয়েছে সে বিষয়ে এলাকাবাসীর কাছে কোনো তথ্য নেই। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে অভিযুক্ত মোশারফ হোসেন দুলাল দাবি করেন, নির্মাণকাজের সুবিধার্থে গাছটি কাটা হয়েছে এবং বর্তমানে সেটি তার হেফাজতে রয়েছে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি কেন—এ প্রশ্নে তিনি বলেন, প্রয়োজন মনে না করায় আগে থেকে জানানো হয়নি।
এ বিষয়ে ইউএনও দিলারা আক্তার বলেন, বাজারের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।